প্রবহমান মুক্তেশ্বরী নদীর মধ্যে আড়াআড়ি বাঁধ ও পাটা দিয়ে মাছের চাষ করায় যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার চারটি বিলের পানি নিষ্কাশিত হতে পারছে না। ফলে ওই এলাকার অন্তত দেড় হাজার হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামের নেতৃত্বে পাকদিয়া মৎস্যজীবী সমিতির নামে মাছের চাষ করা হচ্ছে বলে জানা গেছে।মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল কুমার বিশ্বাস বলেন, চৌগাছা উপজেলার মজ্জাতের বাঁওড়সংলগ্ন ভৈরব নদ থেকে উৎপত্তি হয়ে মুক্তেশ্বরী নদীটি মনিরামপুরের ভবদহে গিয়ে টেকা ও শ্রীনদী নামে দুটি শাখায় রূপান্তরিত হয়েছে। জীবন্ত নদীটিকে বদ্ধ জলাশয় দেখিয়ে বিভিন্ন মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, নদীর বুকে বাঁধ বা পাটা দেওয়া যাবে না, ইজারার শর্তে এ কথা বলা হলেও আট থেকে দশ জায়গায় আড়াআড়িভাবে পাটা ও বাঁধ দেওয়া হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে বিলগুলোতে আবাদ হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেকুটিয়া বাজার, বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শ্মশান ঘাটের নতুন সেতুর একপাশে বাঁশের পাটা দিয়ে মাছের চাষ করা হচ্ছে। এ ছাড়া বালিয়াঘাটসহ বেশ কয়েকটি জায়গায় মাটি ফেলে নদীর দুই কূল শাসন করে বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখা হয়েছে। বাঁশবাড়িয়ার বিলে কথা হয় কৃষক মোশারফ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিলের প্রায় ৪০০ বিঘা ফসলি জমি কয়েক বছর ধরে তলিয়ে আছে। ষাটোর্ধ্ব ফজিরন নেছা বলেন, ‘বিলির মধ্যি আমার ২২ কাঠা জমি আছে। তাও তুলানে থায়ে। গাঙ দিয়ে পানিডা বারুয়ে গেলি আমাগের কোনো ক্ষতি ওতো না। গাঙডা লিজ দিয়েই সব্বনাশ করেছে।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক জি এম আবদুল হাকিম বলেন, মুক্তেশ্বরীতে পাটা ও বাঁধের কারণে এ অঞ্চলের এক থেকে দেড় হাজার হেক্টর জমিতে ফসল হচ্ছে না। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতা শাহারুল ইসলাম দাবি করেন, তাঁরা নন, ইজারা দেওয়ার সময় মৎস্য বিভাগ থেকে নদীতে পাটা-বাঁধ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তো সরকারের রাজস্ব দিয়ে মাছের চাষ করছি। আর বিএনপির সময়ে সরকারের রাজস্ব না দিয়ে বিএনপির এক নেতা জোর করে চার বছর ওই নদীতে মাছের চাষ করে এসেছেন।জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নূরুল আমিন জানান, তিনি এখানে নতুন এসেছেন। কীভাবে নদী ইজারা দেওয়া হয়েছে তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে।