যশোর শহরের বড় বাজারের ব্যবসায়ীরা গতকাল শনিবার দিনভর দোকান বন্ধ রেখে ধর্মঘট করেছেন। ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নেতা রফিকুল ইসলাম চৌধুরীকে মারধর এবং অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।বড় বাজারের ফুটপাতের দোকান থেকে শুরু করে চাল-আলুর বড় আড়তসহ সব ধরনের দোকানপাট গতকাল সারা দিন বন্ধ ছিল। এ জন্য বাজারে দিনভর তেমন লোকজন ছিল না। বাজারে পণ্য কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। লোকজন বড় বাজারের পাশে বাবলাতলা, ঘোপ ধানপট্টি ও রেলবাজারসহ বিভিন্ন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে।ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শহরের কাঁসারিপট্টি এলাকায় আমার চালের আড়তটি টোল আদায়ের সীমানার বাইরে। অথচ আমার দোকান থেকেও প্রতি বস্তা চালে তিন টাকা করে টোল আদায় করা হয়েছে, যেখানে আগের ইজারাদার বস্তাপ্রতি ৫০ পয়সা টোল নিতেন।জানা গেছে, গত বৃহস্পতিবার বাজারের ইজারাদার রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষে স্থানীয় সাংসদ খালেদুর রহমানের ছেলে মাশুক হাসানের নেতৃত্বে লোকজন বাজারে টোল আদায় করতে রফিকুল ইসলামসহ ব্যবসায়ীরা বাধা দেন। পরে ওই দিন বিকেলে রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তাঁকে অপহরণ করে মারধর করা হয়েছে। তাঁকে মারধর ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।এ ব্যাপারে রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী হাবিব হাসান গত শুক্রবার সংবাদ সম্মেলন করে রফিকুল ইসলামকে অপহরণ ও মারধরের বিষয়টি অস্বীকার করেন। অতিরিক্তি টোল আদায়ের বিষয়ে হাবিব হাসান বলেন, ‘পৌরসভার চার্ট (তালিকা) অনুযায়ী টোল আদায় করা হলে ওই বাজারে কেউ ব্যবসা করতে পারবে না। আমরাই বরং তালিকা শিথিল করে টোল আদায় করছি। কিন্তু বাজারের একটি পক্ষ এবার ইজারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে টোল আদায়ে বিরোধিতা করছে।’