যশোরে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দেন।
দণ্ডিত ব্যক্তি শাহাজালাল হোসেনের (২৮) বাড়ি কেশবপুর উপজেলায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, শাহাজালাল একই গ্রামের এক তরুণীর সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন। ২০১০ সালের ১৯ মার্চ তিনি ওই তরুণীকে যশোর শহরে তাঁর বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে আসেন। এরপর তাঁকে বিয়ে করবেন বলে অপরিচিত আরেক জায়গায় নিয়ে যান। এক ব্যক্তির মাধ্যমে একটি কাগজে তাঁর স্বাক্ষর নিয়ে বলেন, তাঁদের বিয়ে হয়ে গেছে। এরপর দুদিন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রেখে শাহাজালাল ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে গ্রামে ফিরে শাহাজালাল তরুণীকে নিজ বাড়িতে চলে যেতে বলেন। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা না হওয়ায় ওই তরুণী যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহাজালালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম ইদ্রিস আলী বলেন, দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে শাহাজালালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শাহাজালাল কারাগারে আটক আছেন।