যশোরে নারী হোটেলকর্মীকে গলায় ছুরি মেরে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়া হত্যার প্রতিবাদে যশোরে হোটেলশ্রমিকদের মিছিল l প্রথম আলো
ছায়া হত্যার প্রতিবাদে যশোরে হোটেলশ্রমিকদের মিছিল l প্রথম আলো

যশোরে ছায়া খাতুন (২২) নামের এক নারী হোটেলকর্মীকে গলায় ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার শহরের একটি খাবারের হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। খুনে জড়িত সন্দেহে হোটেলের মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহত ছায়া শার্শা উপজেলার ত্রিমোহিনী শ্যামড়াগাছি গ্রামের ইমান আলীর মেয়ে। তিনি সম্প্রতি যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহের পেছনের ওই খাবারের হোটেলে কাজ নেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ওই হোটেলের ছাদের ওপরের একটি টিনের ঘরে ছায়া খাতুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছায়ার লাশ অনেকটা বিবস্ত্র অবস্থায় পড়েছিল। পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বেলা একটার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের মর্গের সামনে থাকা ছায়া খাতুনের বাবা ইমান আলী প্রথম আলোকে বলেন, ছায়া সর্বশেষ গত শুক্রবার বাড়ি থেকে যশোর শহরে আসেন। আসার আগে বলেন, খাবারের হোটেলে কাজ নিয়েছেন। নিজের জন্মসনদটিও সঙ্গে নিয়ে আসেন। আজ (গতকাল) সকালে পুলিশ ফোনে খবর দেয়, ছায়া খুন হয়েছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর আগে ছায়ার বিয়ে হয়। তিন বছরের একটি ছেলেসন্তানও আছে তাঁর। তবে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে ছায়া ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি যশোর শহরের ওই খাবারের হোটেলে কাজ নেন তিনি। শনিবার রাতে ছায়া ওই হোটেলেই ঘুমিয়েছিলেন। হোটেলটির মালিকের নাম মফিজুর রহমান ওরফে বাবু।
যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হোটেলমালিক মফিজুর রহমান, তাঁর স্ত্রী ও হোটেলের এক কর্মীকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, লাশের গলায় ছুরি মারার তিনটি জখম রয়েছে। অনেকটা বিবস্ত্র অবস্থায় লাশটি পড়েছিল। হত্যার আগে ছায়া ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে স্পষ্ট হবে।
ছায়া খাতুনের বাবা ইমান আলী গতকাল সন্ধ্যায় থানায় হত্যা মামলা করেছেন। এতে হোটেলমালিক মফিজুর, তাঁর স্ত্রী ও ছেলের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, এরই মধ্যে ছায়ার আটক সহকর্মী ও ঘটনার সময় একই কক্ষে থাকা আমেনাকে (৬০) প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে তারা। আমেনা বলেছেন, খুনিরা চলে যাওয়ার সময় বিষয়টি টের পান। তিনি অন্ধকারের মধ্যে তিনজনকে চলে যেতে দেখেন।
লাশ নিয়ে মিছিল
এদিকে হোটেলকর্মী ছায়ার লাশ নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে শহরে মিছিল করেন যশোরের হোটেলশ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাঁরা দাবি করেন, ছায়াকে ধর্ষণ শেষে হত্যা করেছেন হোটেলমালিক মাফিজুর ও তাঁর সহযোগীরা।