যশোরে নারীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত ও অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কেঁৗসুলি সেলিম রেজা রানা বলেন, আট বছর আগে যশোরের বাঘারপাড়া উপজেলার আজমেহেরপুর গ্রামের দেড় বছর বয়সের শিশু দুর্জয়কে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টা করেন তার চাচি রীনা রানী তরফদার। এ ঘটনায় দুর্জয়ের মা ইতি রানী বাদী হয়ে রীনা রানীকে আসামি করে বাঘারপাড়া থানায় অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দণ্ডপ্রাপ্ত রীনা রানী পলাতক আছেন। শিশু দুর্জয় এখন মোটামুটি সুস্থ আছে বলে তিনি জানান।
মামলা সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার আজমেহেরপুর গ্রামের আশুতোষ কুমার তরফদারের ছেলে দুর্জয় কুমারকে পোলিও টিকা ও ইনজেকশন দেওয়ার পর সে কাঁদতে থাকে। তার মা দুর্জয়কে রীনা রানীর কোলে দিয়ে রান্না করতে যান। মিনিট দশেক পর দুর্জয় আরও বেশি চিৎকার করে কাঁদলে তার মা ঘরে গিয়ে দেখেন দুর্জয়ের গায়ে থাকা সোয়েটারের গলার অংশ পুড়ে গেছে। ঝলসে গেছে তার গলা, ঠোঁট ও মুখের কিছু অংশ। দ্রুত তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ হংকংয়ের একটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে জাপানে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সেলিম রানা।