যশোরে নিখোঁজ সেই ইমামসহ তিনজন বাড়ি ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে নিখোঁজ সেই ইমামসহ তিনজন বাড়িতে ফিরেছেন। আট দিন আগে তাঁদের একজনকে ও ছয় দিন আগে দুজনকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
গত সোমবার রাতে যশোর পুলিশ লাইনের সামনে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গি যশোরের ফজলে রাব্বির সঙ্গে ওই তিনজনের গভীর সম্পর্ক ছিল—এমন অভিযোগে তাঁদের তুলে নেওয়া হয়।
বাড়ি ফেরা তিনজন হলেন নিহত ফজলে রাব্বির গ্রাম যশোরের কিসমত নওয়াপাড়া এলাকার মসজিদের সাবেক ইমাম ও বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. ইয়াহিয়া, যুব উন্নয়ন মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহ (২০) ও একই এলাকার তৈয়বুর রহমান ওরফে সুমন (২৫)। ইয়াহিয়া যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। ওবায়দুল্লাহ যুব উন্নয়ন অধিদপ্তরের যশোর ক্যাম্পাসের ভেতরে মসজিদের পাশের একটি ঘরে থাকতেন আর তৈয়বুর ওই ক্যাম্পাসসংলগ্ন নওয়াপাড়া এলাকার আইউব হোসেনের ছেলে।
গত ২৮ আগস্ট দুপুরে মাদ্রাসায় কর্মরত অবস্থায় সাদাপোশাকে দুজন ইয়াহিয়াকে তুলে নিয়ে যান। এর তিন দিন পর ৩১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ওবায়দুল্লাহ ও তৈয়বুরকে একইভাবে তুলে নেওয়া হয়।
মো. ইয়াহিয়া গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা থেকে পুলিশ তুলে নিয়ে ডিবি পুলিশের হেফাজতে পুলিশ লাইনের ভেতরে আট দিন আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওবায়দুল্লাহ ও সুমনকেও (তৈয়বুর) আমার সঙ্গে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গি রাব্বির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বারবার জানতে চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের আট দিন পরে যশোর পুলিশ লাইনের সামনে আমাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে আমরা বাড়ি চলে আসি।’
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের গোয়েন্দা শাখা যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক প্রথম আলোকে বলেন, ‘ডিবি কার্যালয়ে কেউ আটক ছিল না। কোথায় ছিল আমার জানা নেই।’
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।