যশোরে নিরাপত্তা হেফাজতে থাকা কিশোর জখম
যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে নিরাপত্তা হেফাজতে থাকা এক কিশোরের গলায় ব্লেড দিয়ে কেটে জখম করা হয়েছে। এর আগে গত ২৯ আগস্ট নিরাপত্তা হেফাজতে এক কিশোরকে গলায় ছুরি মেরে খুন করা হয়। ২০০৭ সালে আরেক কিশোর একইভাবে খুন হয়।সোমবার রাতে কেন্দ্রে থাকা অপর তিন কিশোর এ ঘটনা ঘটায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের সহকারী পরিচালক রেজাউল হক কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়েছে, কিশোর উন্নয়ন কেন্দ্রের ডরমিটরিতে অবস্থান করা তিন কিশোর ৬২ নম্বর কক্ষের সোহাগকে আটকে রেখে ব্লেড দিয়ে গলা কাটার চেষ্টা করে। সোহাগ মারা গেছে অনুমান করে তারা তাকে ফেলে রেখে যায়। বিষয়টি দায়িত্বরত আনসারের নজরে এলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। আহত সোহাগ মানসিক প্রতিবন্ধী। সে গাজীপুরের টঙ্গী রেললাইন বস্তির নূর ইসলামের ছেলে।ঘটনা তদন্তে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেফিনা বেগম মঙ্গলবার কেন্দ্রে যান। তিনি বলেন, প্রতিবন্ধী কিশোরদের কেন্দ্রে রাখার নিয়ম নেই। তুলনামূলকভাবে তারা একটু দুর্বল। সবল কিশোরেরা নিজেদের কর্তৃত্ব সৃষ্টির জন্য তাদের ওপর আঘাত করে।