যশোরে নির্বাহী হাকিমের বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী হাকিম) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী কারিনী তনিমা আহমেদ। আজ রোববার সন্ধ্যায় মারধরের অভিযোগ এনে যশোর কোতোয়ালি থানায় তনিমা আহমেদ এ মামলা করেন।

মামলায় তাজওয়ার আকরাম সাকাপির মা নূর আক্তার সাজ্জাদকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর রাতে ঘুমানোর আগে সাকাপি ইবনে সাজ্জাদ হঠাৎ তনিমাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। তিনি কোনো রকমে বালিশ ফেলে দিলেও তাঁকে মারধরে আহত করেন। এ সময় হত্যার হুমকিও দেন সাকাপি ইবনে সাজ্জাদ। পরে তিনি সেখান থেকে দৌড়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন ও সিনিয়র ম্যাজিস্ট্রেট ঝুমুর বালার কাছে গিয়ে ওঠেন। তাঁরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ নভেম্বর ও ১ ডিসেম্বর দুই দফা সালিস বৈঠক হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। যে কারণে মামলা করেছেন বলে এজাহারে উল্লেখ করেন তনিমা আহমেদ।

এজাহারে আরও বলা হয়, ঢাকার গুলশান নদ্দা এলাকার আবদুস সালামের মেয়ে তনিমা প্রেমের সম্পর্কের সূত্র ধরে আকরাম সাকাপি ইবনে সাজ্জাদকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁকে বউ হিসেবে মেনে নেননি। সাকাপি ইবনে সাজ্জাদ যশোর শহরের নীলরতন ধর সড়কের ভাড়া বাড়িতে থাকেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে জানান, মারামারি ও হত্যাচেষ্টার ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাঁর মাকে মামলায় আসামি করা হয়েছে।