যশোরে নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন
যশোরের মনি-রামপুরে গত বৃহস্পতিবার হরতালের সময় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে পরে মারা যাওয়া পুলিশ সদস্য কাজী জহুরুল ইসলামের (৫০) দাফন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।গতকাল সকাল সাড়ে নয়টায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের নবগঙ্গা ডিগ্রি কলেজের মাঠে জহুরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন প্রায় দুই হাজার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জহুরুল ইসলামের পৈতৃক বাড়ি নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে। দুই বছর আগে লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে বাড়ি করেন তিনি। জহুরুল ইসলামের দুই ছেলে, এক মেয়ে রয়েছে। বড় ছেলে কাজী জসিমউদ্দীন (২২) ঢাকায় বিবিএ পড়ছেন। মেজো ছেলে কাজী সেলিমউদ্দীন এইচএসসি পরীক্ষার্থী এবং মেয়ে ফেরদৌসী আক্তার অষ্টম শ্রেণীতে পড়ে।গতকাল জহুরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, আহাজারি করছেন তাঁর স্ত্রী-পুত্র ও আত্মীয়স্বজন। এলাকাবাসী এসে সান্ত্বনা দিচ্ছে।জহুরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম (৪৩) বিলাপ করছেন, ‘আমার তিন ছেলেমেয়ে লেখাপড়া করে। এদের লেখাপড়ার টাকা এখন কোথায় পাব? ছেলেমেয়ে নিয়ে এখন আমার পথে বসতে হবে।’রেহেনা বেগম জানান, স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর শেষ কথা হয় বুধবার সন্ধ্যার পর। বাড়ির খবরাখবর নেন। শেষ কথা বলেছিলেন, ‘এখন ডিউটিতে যাচ্ছি, তাই ব্যস্ত।’