যশোরে নেশার টাকা না পেয়ে ছাত্রাবাসে ঢুকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন সন্ত্রাসী যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার চৌধুরী ছাত্রাবাসের ঢুকে আলী আকবর (২২) নামের এক ছাত্রের পেটে ছুরি মেরে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আকবর যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত শুক্রবার দুপুরের এ ঘটনার পর রাতে ছাত্ররা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও করে।আহত আলী আকবরের ভাই আলী রেজা চাঁচড়া এলাকার শহিদুল ইসলাম ওরফে সোহেল, সাগর, কুদরত, সাজুসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত সাগর (১৮) ও শহিদুলকে (২০) গ্রেপ্তার করে।এদিকে ছাত্রাবাসে থাকা ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে এমএম কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কলেজ ক্যাম্পাস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসক নূরুল আমিন ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়েছে, ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা স্থানীয় উঠতি বয়সী সন্ত্রাসীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীরা জোর করে ছাত্রাবাসের মধ্যে নেশার আসর বসায়। নেশা করার জন্য প্রতিনিয়ত চাঁদা দাবি করছে। শিক্ষার্থীদের সাইকেল কেড়ে নিয়ে যায়। মা-বোনদের কেউ মেসে এলে তারা কুরুচিপূর্ণ অপবাদ দিয়ে তাঁদের হেনস্থা করে। এ সময় তারা মুঠোফোনসেট ও টাকা-পয়সাও ছিনিয়ে নিয়ে যায়। শহরের প্রতিটি এলাকার ছাত্রাবাসে একই চিত্র দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে শহরে পড়তে আসা শিক্ষার্থীরা সন্ত্রাসীদের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে। এরপর থেকে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য স্মারকলিপিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।কর্মসূচিতে অংশ নেওয়া কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিন মেহেদী বলেন, ‘৪৭ জন ছাত্র চাঁচড়া ডালমিল এলাকার চৌধুরী ছাত্রাবাসে থেকে বিভিন্ন কলেজে লেখাপড়া করে। নেশা করার জন্য সন্ত্রাসীরা ছাত্রাবাসের কক্ষে প্রায় জোর করে আসর জমাত। তখন ছাত্রদের কক্ষের বাইরে অবস্থান করতে হতো। শহরের বাইরে থেকে আসার কারণে ভয়ে আমরা কিছু বলতে পারতাম না। তবে কয়েক দিন ধরে তাদের ছাত্রাবাসে ঢুকতে নিষেধ করা হয়। এর জন্য তারা কয়েক দিন ধরে নেশার টাকা চেয়ে বেশি চাপ দিতে থাকে। তাদের এ অন্যায় দাবি না মেটানোর কারণে গত শুক্রবার দুপুরে ছাত্রাবাসের পেছনের জানালা দিয়ে তারা ঢিল ছুড়ছিল। এর প্রতিবাদ করায় তারা ছাত্রাবাসের মধ্যে ঢুকে কয়েকজন ছাত্রকে মারপিট করে। এর মধ্যে আলী আকবরের পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়।’যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে হামলাকারী সাগর ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবহূত চাকুও উদ্ধার করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, নেশার টাকার জন্যে উঠতি বয়সী বখাটে সন্ত্রাসীরা ছাত্রাবাসের ছাত্রদের কাছে টাকা দাবি করে। চাঁদাবাজির টাকা না পাওয়ায় সেদিন সাগর ও শহিদুলের নেতৃত্বে সাত-আটজন আলী আকবরকে ছুরিকাঘাত করে।