যশোরের বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বোরহান মোল্লা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইদের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই দিনে শার্শা উপজেলার সম্মন্ধকাটি গ্রাম থেকে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রবিউলের বাড়ি ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বাঘারপাড়া থানার পুলিশের ভাষ্যমতে, গরুর গাড়ির চাকা ও বিদ্যুতের বিল নিয়ে ধলগ্রাম ইউনিয়নের আগড়া গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার ছেলেদের মধ্যে বিরোধ দেখা হয়। এর জের ধরে গতকাল দুপুরে বড় ভাই আযম আলী ও আবদুল বাসারের সঙ্গে ছোট ভাই বোরহানের কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে লাঠির আঘাতে বোরহান গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁদের অপর ভাই আবদুল গাফ্ফার আহত হন। তাঁকে মাগুরার শালিথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পলাতক থাকায় আযম আলী ও আবদুল বাসারের পরিবাবের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক বিরোধে বোরহান মোল্লা নিহত হন। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে।’