যশোরে পাল্টাপাল্টি হামলায় দুই তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রামে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে এক ঘণ্টার ব্যবধানে প্রকাশ্যে বোমা মেরে ও গুলি করে তাঁদের দুজনকে হত্যা করা হয়।
পুটখালী-বারোপোতা সড়কে চাঁদাবাজির নিয়ন্ত্রণের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত তরুণেরা হলেন উপজেলার বারোপোতা শিবনাথপুর গ্রামের আনিছ উদ্দীনের ছেলে ইমানুর রহমান (৩০) ও উত্তর বারোপোতা গ্রামের আবদুল মাজেদের ছেলে লালন (২৪)। তাঁরা আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে বারোপোতা বাজারের উত্তর মাথায় লালনেরা ও বাজার মোড়ে ইমানুরেরা পুটখালী থেকে আসা গরুর গাড়ি ও পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াত করা লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিলেন। লালনদের চাঁদাবাজিতে বাধা দিতে গেলে ইমানুরকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে ইমানুর ঘটনাস্থলেই নিহত হন। ইমানুরের লোকজন প্রতিশোধ নিতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দেয়। এ সময় তারা লালনকে পেয়ে গুলি করে হত্যা করে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানান, পুটখালী ঘাট থেকে প্রতিদিন কয়েক হাজার ভারতীয় গরু ট্রাক, আলম সাধু ও নছিমনে করে বারোপোতা বাজারের ওপর দিয়ে যশোর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়। বারোপোতা বাজার এলাকায় প্রত্যেক গাড়ি থেকে ৩০ থেকে ৫০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হয়। ওই চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য নিয়ে এলাকায় দুটি শক্তিশালী পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন যুবলীগের কর্মী আলাউদ্দীন ও অপর পক্ষে ইয়াব আলী। নিহত ইমানুর ইয়াব আলীর এবং লালন আলাউদ্দীনের অনুসারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পক্ষকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর-১ (শার্শা) আসনের সাংসদ আফিল উদ্দীন এবং আরেকটি পক্ষকে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম পৃষ্ঠপোষকতা দেন।
অবশ্য সাংসদ আফিল উদ্দীন কোনো পক্ষকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজি নিয়ে সেখানে স্থানীয় দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। আর ওদের কোনো দল নেই। মেয়র আশরাফুল আলমের মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি। বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে পাল্টাপাল্টি খুনের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সবাই পলাতক। মামলার প্রস্তুতি চলছে।