যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মূল ফটকসংলগ্ন সীমানাদেয়াল ঘেঁষে ক্লাব ঘর নির্মাণ করা হচ্ছে। সরকারদলীয় স্থানীয় সাংসদ খালেদুর রহমানের অনুদানের টাকায় তেজো-শান্তি স্মৃতি সংসদের নামে পৌরসভার জায়গায় এ স্থাপনাটি নির্মিত হলে তিন শতাধিক নারী প্রশিক্ষণার্থীর নিরাপত্তা ও ক্যাম্পাসের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হবে বলে আশঙ্কা করছে পিটিআই কর্তৃপক্ষ। নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক ও পৌর মেয়রকে চিঠি দেওয়া হয়েছে।পিটিআইয়ের তত্ত্বাবধায়ক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বেগম রোকেয়া ও ফয়জুন্নেছা চৌধুরাণী আবাসিক হলে থেকে দুই শতাধিক নারী শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া এলাকার শিশুদের লেখাপড়ার জন্য ক্যাম্পাসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব কারণে ওই এলাকায় নিরিবিলি পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠানের সীমানাদেয়াল ঘেঁষে মূল ফটকের পাশে ক্লাব ঘর নির্মাণ করা হলে প্রশিক্ষণার্থী ও শিশুদের পাঠদানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। নারী প্রশিক্ষণার্থীরা বখাটেদের দ্বারা উক্ত্যক্ত হতে পারেন।এ ব্যাপারে সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্লাবের কারণে পাঠদান ও নারীদের চলাচলে বিঘ্ন ঘটবে না। এটি একটি উদ্ভট চিন্তা। সিনিয়ররাই ওখানে (ক্লাবে) ওঠাবসা করবেন। এতে বরং এলাকাটি আরও সুশৃঙ্খল হবে।’জেলা প্রশাসক মো. নুরুল আমিন বলেন, বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হচ্ছে। মেয়র মারুফুল ইসলাম বলেন, পৌরসভার কোনো জায়গা কাউকে বরাদ্দ দেওয়া যায় না। দেওয়া হলে তা অবৈধ। পিটিআই কর্তৃপক্ষের আবেদনটি পৌরসভার জরিপ শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই শাখার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পিটিআইয়ের মূল ফটকের পশ্চিম পাশের সীমানাদেয়াল ঘেঁষে দুই কক্ষের ইট-বালুর পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। ঘরের দেয়াল নির্মাণের কাজ প্রায় শেষপর্যায়ে। কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম। তিনি বলেন, এলাকার মুরুব্বিদের বসার জন্য একটি জায়গা দরকার। তাই সাংসদের অনুদানের টাকায় পাঠাগারটি বানানো হচ্ছে। চিত্তবিনোদনের জন্য সেখানে কিছু অভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা থাকবে। দুয়েকটি পত্রপত্রিকাও রাখা হবে। তিনি জানান, সাংসদের ভাই তেজো ও এলাকার শহীদ মুক্তিযোদ্ধা শান্তির স্মরণে ‘তেজো-শান্তি স্মৃতিসংসদ’ নামের এই পাঠাগারের কাজ কয়েক দিনের মধ্যে শেষ হবে। তবে কমিটি গঠন করে কার্যক্রম পুরোদমে শুরু করতে মাস খানেক সময় লাগবে।পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমান সাংসদ খালেদুর রহমান ১৯৮৬ সালে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে ‘তেজো-শান্তি স্মৃতি পাঠাগার’-এর নামে পৌরসভার ওই জায়গা বন্দোবস্ত দেন।