যশোরে পুকুর থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর সরকারি ময়লাখানাসংলগ্ন পুকুর থেকে গতকাল শুক্রবার মফিজুর রহমান ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক ছিলেন। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে মফিজুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।আসামিরা হলেন উপজেলার হামিদপুর গ্রামের পশ্চিমপাড়ার মো. ইখতিয়ার ও বকচর হুসতলা এলাকার গোপাল ঘোষ। এজাহারে বলা হয়, ইখতিয়ার গত বুধবার সারা দিন মফিজুরের ইজিবাইকে করে গোটা শহর ঘুরে বেড়ান। দিন শেষে ভাড়ার টাকা আনার জন্য মফিজুরকে ঝুমঝুমপুর ময়লাখানার পাশে যেতে বলেন ইখতিয়ার। রাতে টাকা আনতে গিয়ে মফিজুর আর বাড়ি ফেরেননি। এজাহারে আরও বলা হয়, ২০০৫ সালে গোপালের স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় গোপাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মফিজুরকে আসামি করা হয়। গোপাল প্রায়ই ফোন করে মফিজুরকে নানা ধরনের হুমকি দিতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, মফিজুরকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।