যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো আলামিন হোসেন (৫) ও সাদ হোসেন (৫)। আলামিন উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে ও সাদ হোসেন একই গ্রামের জামান আলীর ছেলে।

আলামিন হোসেনের বাবা সৈয়দ আলী বলেন, নারিকেলবাড়িয়া গ্রামের সরদার পাড়ায় মিজানুর রহমানের পুকুর পাড়ে আজ বুধবার সকাল থেকে তাঁর ছেলে আলামিন ও প্রতিবেশী জামানের ছেলে সাদ খেলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পুকুর পাড়ে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কৌশিক আশরাফ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গিয়েছিল।