যশোরে পুলিশ-শিবির সংঘর্ষ, আহত ১০
যশোরের মনিরামপুর উপজেলা সদরে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ও কনস্টেবল গনজেল আলীকে গুরুতর অবস্থায় মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন: উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (২১) ও এনায়েতপুর গ্রামের ইসমাইল হোসেন (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিছিল করার জন্য বিভিন্ন এলাকা থেকে শিবিরের নেতা-কর্মীরা উপজেলা সদরের গাংডা মোড় এলাকায় সমবেত হতে থাকেন। এ সময় শিবিরের কর্মীরা যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এর জবাবে তাঁরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই কর্মীকে আটক করলে শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ আটটি রাবার বুলেট ছুড়লে তাঁরা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যান। মনিরামপুর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নাশকতার উদ্দেশ্যে শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। এতে বাধা দিলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যশোর জেলা জামায়াতের আমির আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, মিছিল শেষে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তবে মিছিল থেকে ককটেল ছোড়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।