যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে গত সোমবার বিকেলে কোতোয়ালি থানার পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজিব ও সোহেল নামের দুই তরুণকে ছুরি মেরে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি বেজপাড়া এলাকায়। ওই ঘটনার পরে পুলিশ গাড়ি নিয়ে ঘটনাস্থলে গেলে ওই বোমা তিনটি নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেন ও জুয়েল নামের দুজন তরুণকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায়। কোতোয়ালি থানার ওসি আশরাফুল হোসেন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।