যশোরে পুলিশের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজলার উপশহর এলাকায় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন শহরের রেলগেট এলাকার আরিফ হোসেন ওরফে সুমন (৩৬) ও একই এলাকার রানা (২৮)। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দাবি করেছে, এঁরা ছিনতাইকারী।
পুলিশের ভাষ্যমতে, একদল সন্ত্রাসী উপশহর এলাকার রজনীগন্ধা ফিলিং স্টেশন এলাকায় বৈঠক করছে বলে খবর পেয়ে পুলিশ গত শনিবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার জন্য পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় দুটি গুলি সুমন ও রানার পায়ে লাগে। তাঁদেরকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুমনের স্ত্রী জুলিয়া পারভীন বলেন, ‘পুলিশ তাঁকে (সুমন) ধরে নিয়ে গুলি করেছে। আমি এটুকুই জানি। এর বেশি আর কিছু জানি নে। দুপুর থেকে সুমনের মোবাইল বন্ধ ছিল। রাত সাড়ে ১১টার দিকে ফোন করে কে যেন জানায়, সুমন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পড়ে আছে।’