যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আসামি গুলিবিদ্ধ
যশোর শহরের বেজপাড়ার টিবি ক্লিনিক এলাকায় শাওন (২৬) নামের এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, সন্ত্রাসী ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটে। শাওনের বিরুদ্ধে সাতটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় শাওনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওনের বাবার নাম মোহাম্মদ আলী। বাড়ি টিবি ক্লিনিক এলাকায়।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধ চলার সময় যশোরের কোতোয়ালি থানার কনস্টেবল জাহাঙ্গীর আলমের হাত ও পায়ে বোমার স্প্লিন্টার লাগে। তিনি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, গতকাল রোববার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ টিবি ক্লিনিক এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে। পরে অস্ত্র উদ্ধারের জন্য রাতে পুলিশ তাঁকে নিয়ে টিবি ক্লিনিক এলাকায় যায়। টিবি ক্লিনিকের পূর্বপাশে পৌঁছালে শাওনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা বোমা হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় শাওনের পায়ে একটি গুলি লাগে। শাওনের সঙ্গীদের বোমা হামলায় কনস্টেবল জাহাঙ্গীরের হাত ও পা ঝলসে গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, শাওনকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও সাতটি গুলি ছোড়ে। এ সময় শাওন গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের বোমা হামলায় কনস্টেবল জাহাঙ্গীর আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। ওসি আরও জানান, শাওনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকদ্রব্য, মারামারি, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। তিনি যশোরের চিহ্নিত ছিনতাইকারী বলে ওসি জানিয়েছেন। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে ওসি জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে শাওনের পরিবারের কাউকে পাওয়া যায়নি।