যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনিসুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আনিসুর সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে।
পুলিশের ভাষ্য, আনিসুরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ১১টি মামলা আছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সাতক্ষীরা সদর থানার পুলিশ, যশোর শার্শা থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আনিসুরকে গ্রেপ্তারে বসতপুর গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনিসুর ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বোমাা বিস্ফোরণ ও গুলি ছোড়েন। এতে নুরুল ইসলাম ও মিঠুন নামের সাতক্ষীরা সদর থানার দুই কনস্টেবল গুলিবিদ্ধ হয়। পরে আনিসুর ও তাঁর সহযোগীদের লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আনিসুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে একটি ওয়ান-নাইন শুটার গান, একটি গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে আনিসুরের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে আনিসুরের সঙ্গে ৫০-৬০ জনের একটি দল ছিল। তাঁদের গুলিতে পুলিশের দুজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।