যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু তাহের মোল্লা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, আবু তাহের মোল্লা একজন মাদক ব্যবসায়ী।
গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গতকাল রাতে ঝুমঝুমপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আবু তাহের মোল্লার পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ দুই কেজি গাঁজা, বোমা তৈরির সরঞ্জাম, একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে।
রেশমা শারমিন আরও বলেন, নিহত আবু তাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পাঁচটি ও একটি হত্যা মামলা রয়েছে।