যশোরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রাণকেন্দ্র সিভিল কোর্ট মোড় এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আবু শাহরিয়ার ওরফে অর্ণব (৩২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ জেড এম ফিরোজের ছেলে আবু শাহরিয়ার সন্ধ্যায় সিভিল কোর্ট মোড়ের একটি দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে অস্ত্রধারী তিন সন্ত্রাসী দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা শাহরিয়ারকে লক্ষ্য করে খুব কাছে থেকে তিনটি গুলি করে। গুলি তাঁর বুকে বিদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ার পোস্ট অফিসপাড়ার নার্গিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানসংলগ্ন এলাকাতেই তাঁর বাড়ি। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেনারেল হাসপাতাল চত্বর থেকে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌরাস্তার মোড় ঘুরে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়।