যশোরে প্রাণবন্ত ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা উৎসবে এলে বাংলা ভাষার প্রতি টান বাড়ে, শ্রদ্ধা জন্মায়। তা ছাড়া অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা কিছু জানলে বেশি মনে রাখতে পারে। এ জন্য এ অনুষ্ঠানে আসা। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১-এর যশোর অঞ্চলের উৎসবে ফরিদপুর থেকে আসা এক শিক্ষার্থীর মা প্রীতি গোস্বামী এভাবে তাঁর অনুভূতি ব্যক্ত করেন।লিখিত পরীক্ষা, মজার প্রশ্ন, নাচ আর গানে গতকাল রোববার মুখরিত ছিল যশোর জিলা স্কুল প্রাঙ্গণ। বাংলা ভাষার প্রতি ভালোবাসা জানাতে যশোর অঞ্চলের ১৩ জেলার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৮০০ শিক্ষার্থী উৎসবে যোগ দেয়। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। যশোরের জেলা প্রশাসক মো. নুরুল আমিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভাষা প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করেন।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাকিস্তানে পালিত হয় কি না, চন্দ্রবিন্দু কখন কোন শব্দে ব্যবহার করা হবে, উ-কার ও ঊ-কারের মধ্যে পার্থক্য কী—স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ রকম অসংখ্য প্রশ্নে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের এসব প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হাবিব রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হোসনেয়ারা খাতুন, কোটচাঁদপুরের সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার হোসেন এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল আলম। প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, এইচএসবিসির কর্মকর্তা এ বি এম ওসমান গনি ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ গানের ছন্দে যশোর বন্ু্লসভার বন্ধু অনামারজিয়া এ্যানির নাচের মধ্য দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নোত্তর পর্বের পর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান হয়। এতে বিশেষ বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। তিনি বলেন, ‘বাংলা ভাষার এক মহান প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় নিরলস কাজ করে গেছেন। বাংলা ভাষার এই মহান লেখকের জন্য আমরা গর্বিত।’পরে বন্ু্লসভার বন্ধু খন্দকার ইমরানের ‘তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে ক্লোজআপ সংগীত তারকা সাব্বির গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫২ জন ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার কৃতিত্ব অর্জন করে। এদের প্রত্যেকের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। এর আগে জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়।