যশোরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় খুলনা থেকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. সাইদুজ্জামান জানান, মালবাহী ওই ট্রেনটি সার নিয়ে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে যাচ্ছিল। সকালে ট্রেনটি সিঙ্গিয়া স্টেশন এলাকায় পৌঁছালে এটির একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্টেশনমাস্টারের তথ্যমতে, বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট ও চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা নামের ট্রেন চারটি আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিকে উদ্ধার করতে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।