যশোরে বগি লাইনচ্যুত যোগাযোগ বিচ্ছিন্ন
খুলনার সঙ্গে বেনাপোল ছাড়া সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত রোববার রাতে যশোর সদর উপজেলার মেহেরউল্লাহ নগর রেলস্টেশনসংলগ্ন এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে বগি দুটি উদ্ধারের অভিযান চালিয়েও সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ চালু করা সম্ভব হয়নি।
এদিকে ঢাকা, রাজশাহী ও পার্বতীপুর থেকে খুলনাগামী ট্রেন ঝিনাইদহের বারোবাজার এলাকায় এসে আটকা পড়ে। তবে খুলনা থেকে বেনাপোল ও বেনাপোল থেকে খুলনা কমিউটার ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।
যশোর রেলওয়ে জংশন সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জয়পুরহাট থেকে ৩০টি বগি নিয়ে একটি মালবাহী ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে আসে। মেহেরউল্লাহ নগর রেলস্টেশনে আসার পরে রেলের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর ওই দুটি বগি রেখে ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে এনে রাখা হয়।
এ ব্যাপারে যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মানিকচন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, উদ্ধারকারী ট্রেন সারা দিন কাজ চালিয়েও খুলনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।