যশোরে বজ্রপাতে একজন নিহত
দীর্ঘদিনের দাবদাহের পর আজ শনিবার দুপুরে যশোরে স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে এ সুসংবাদের মধ্যেই একটি বিয়োগান্তক খবর হলো, সেখানে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন।
সদর উপজেলার নূরপুর গ্রামে নিহত ওই নারীর নাম লাকি বেগম (৪০)। একই সঙ্গে বজ্রপাতে দগ্ধ হয়েছেন সালমা নামের অপর এক নারী। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লাকি যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী এবং আহত সালমা খাতুন (৪৫) উপজেলার আবদুলপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, লাকি বেগম নূরপুর গ্রামের মাঠ থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট রতন কুমার সরকার জানান, মৃত অবস্থায় লাকিকে হাসপাতালে আনা হয়। আর দগ্ধ অবস্থায় সালমাকে হাসপাতালে আনা হয়। সালমাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
যশোর মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস ধরে যশোর অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছিল। ফলে এলাকাটিতে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। গতকাল শুক্রবারও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ দুপুরে এই তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপরই আকাশে ঘন মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে বেলা দুইটার দিকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। যশোরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘদিন খরার পর এই বৃষ্টিপাতে তাপমাত্রাও যেমন কমেছে, তেমনি স্বস্তি ফিরেছে জনজীবনে।