যশোরে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২
যশোরের বাঘারপাড়া উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার কেসমত মাহামুদপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়।
আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন সাব্বির হোসেন (২২) ও মোহাম্মাদ আলী (১২)। সাব্বির হোসেন দোকানে কাজ করতেন এবং মোহাম্মাদ আলী বাঘারপাড়া উপজেলার কেসমত মাহামুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
মাহামুদপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, দুপুরে সাব্বির হোসেন, মোহাম্মাদ আলী, কোহিনুর বেগম, রেজোয়ান হোসেন ও মিতু খাতুন কেসমত মাহামুদপুর গ্রামের জালাল মোল্লার দোকানে বসে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে সাব্বির হোসেন ও মোহাম্মাদ আলী ঘটনাস্থলে মারা যায়।