যশোরে বন্ধুদের ছুরিকাঘাতে তরুণ খুন
যশোর সদর উপজেলায় বন্ধুদের ছুরিকাঘাতে ইমরান বিশ্বাস (২১) নামের এক তরুণ খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের জাহিদুল ইসলাম বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের জেএস এন্টারপ্রাইজ নামের একটি মনিহারি দোকানের পাশে ইমরান ও তাঁর কয়েকজন বন্ধু অবস্থান করছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইমরানকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রোকসানা খাতুন বলেন, ইমরান ও তাঁর বন্ধুরা মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে বিতর্কের একপর্যায়ে ইমরানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ওই মনিহারি দোকানে মাদক বেচাকেনা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিহারি দোকানের মালিক বনি ও সুধাকে আটক করা হয়েছে।