যশোরে বস্তাবন্দী লাশ উদ্ধার
যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার একটি নর্দমা থেকে গতকাল বুধবার হুমায়ুন কবির (৩০) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।হুমায়ুনের বাড়ি খুলনা শহরের খালিশপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পুরাতন কসবা এলাকায় মামার বাড়িতে থাকতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল দুপুরে ভাঙারি কুড়ানো কয়েকজন টোকাই নর্দমায় একটি বস্তা দেখে এগিয়ে যায়। তারা বস্তার মুখ খুলে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহত হুমায়ুনের মামা রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হুমায়ুন বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরে গতকাল তাঁর মৃত্যুর খবর আসে। কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হুমায়ুনের বুকে ছুরি মেরে তাঁকে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে যায়।