যশোরে বাজারে টোল আদায় নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিএনপির নেতা রফিকুল ইসলাম চৌধুরীকে অপহরণ ও মারধর এবং দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে আজ শনিবার শহরের বড় বাজারে ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল ব্যবসায়ীদের একটি অংশ ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল করে। পরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ ব্যাপারে রফিকুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় সাংসদ খালেদুর রহমানের ছেলে মাশুক হাসান ও তাঁর লোকজন রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটের নামে বড় বাজারের একটি অংশের দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করছে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে বাজারে আলোচনার সময় মাশুক হাসানের নেতৃত্বে ২০-৩০ জন লোক তাঁকে জোর করে ধরে ষষ্ঠিতলাপাড়ার একটি ভবনে নিয়ে মারধর করে। মাশুক হাসান ওই অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল বিকেল পাঁচটায় বিষয়টি নিয়ে রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটের উদ্যোগে যশোর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের মালিক হাবিব হাসান বলেন, সমঝোতার জন্য রফিকুল ইসলামকে ডেকে নিয়ে যাওয়া হয়। সমঝোতা হচ্ছে না বুঝতে পেরে তিনি অপহরণ নাটক সাজান। তাঁকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। সম্মেলন চলাকালে প্রেসক্লাবের সামনে থেকে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, ষষ্ঠিতলাপাড়ার একটি অফিসে উভয়ের মধ্যে আলোচনা চলছিল। অপহরণের মতো কোনো বিষয় চোখে পড়েনি। এ ব্যাপারে যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে রহমান অ্যান্ড অ্যাসোসিয়েট ও মেসার্স মনা ফুড ইন্ডাস্ট্রিজ বাজারের ইজারা পেয়েছে। যদি বাজারের কোনো দোকান থেকে অতিরিক্ত টোল আদায় করা হয়, তাহলে আগে তো মেয়রের কাছে অভিযোগ দিতে হবে। কিন্তু তাঁরা তা না করে টোল আদায়ে বাধার সৃষ্টি করছেন।