যশোরে বানভাসিদের পাশে প্রথম আলো বন্ধুসভা
যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার বানভাসি অন্তত ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রথম আলো যশোর বন্ধুসভার বন্ধুরা।
আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার থেকে কেশবপুরের মধ্যকুল গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দুই ধারে আশ্রয় নেওয়া এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, চিড়া, চিনি, মসুর ডাল, বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি, দেশলাই ও বর্ষার পানি ঠেকাতে টংঘরের চালের ওপরে দেওয়ার জন্য ৯৬ বর্গফুটের একটি করে পলিথিন।
প্রথম আলো যশোর আঞ্চলিক কার্যালয় থেকে যশোর বন্ধুসভার বন্ধুরা ত্রাণসামগ্রী নিয়ে বেলা ১১টার দিকে দুর্গত এলাকায় পৌঁছালে বানভাসি মানুষ ত্রাণের গাড়ি দেখে এগিয়ে আসেন। তাঁরা বন্ধুসভার বন্ধুদের পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে কেশবপুর বন্ধুসভার বন্ধুরা ত্রাণ বিতরণে সহায়তা করেন।
রাস্তার ওপরে আশ্রয় নেওয়া কেশবপুরের হাবাসপোল গ্রামের সেলিনা বেগম ত্রাণ পেয়ে বলেন, ‘ছোট্ট এটটা টংঘরের মধ্যি তিন মাইয়ে (মেয়ে) নিয়ে আমরা পাঁচজন থাকি। বৃষ্টির পানি ঠেকানোর জন্যি চালের উপরে যে পলিথিন দেওয়া আছে, তা ছিঁড়ে গেছে। কেনারও টাকা নেই। আপনাদের ত্রাণের প্যাকেটে থাকা পলিথিনটা খুব কাজে লাগবে। এবার আর রাতে বর্ষা হলি জেগে বসে থাকতে হবে না। শুকনা খাবারগুলো (চিড়া, চিনি, বিস্কুট) পেয়ে মাইয়েরা খুব খুশি হয়েচে।’
‘আসুন, বানভাসি মানুষের পাশে দাঁড়াই’—এ আহ্বান জানিয়ে যশোর বন্ধুসভার বন্ধুরা গত রোববার ত্রাণ তহবিল গঠন করে সোমবার থেকে কার্যক্রম শুরু করেন। বন্ধুসভার বন্ধুরা যশোর শহরের পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, যশোর জিলা স্কুল, ক্যান্টনমেন্ট কলেজ, এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ ও আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে শিক্ষার্থীদের কাছে যান। এ সময় শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা থেকে ১০–২০ টাকা করে বন্ধুসভার বন্ধুদের হাতে তুলে দেয় দুর্গত মানুষের সাহায্যার্থে।