যশোরে বাবা, ফরিদপুরে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের বোয়ালমারীতে গত শুক্রবার এক গৃহবধূ খুন হয়েছেন। মাগুরার শ্রীপুরে গতকাল শনিবার বাবলু ফকির (৫৫) নামের এক ব্যক্তি এবং সাতক্ষীরা সদর উপজেলায় আবদুস সামাদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর: যশোর সদর উপজেলার বারান্দি মাঠপাড়া এলাকায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে বাবা ওয়াজিউল্লাহ (৭০) খুন হয়েছেন এবং মা ফাতেমা বেগম (৫৫) জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলে আলাউদ্দীনকে আটক করে গতকাল আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওয়াজিউল্লাহ বিছানায় শুয়ে ছিলেন, মা ফাতেমা বেগম খাওয়ার প্রস্তুতি নেন। এ সময় আকস্মিকভাবে আলাউদ্দীন ধারালো অস্ত্র দিয়ে মা-বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে ওয়াজিউল্লাহ মারা যান।

ওয়াজিউল্লাহের অপর ছেলে আতাউর রহমান বলেন, ‘আলাউদ্দীন মানসিক ভারসাম্যহীন। হঠাৎ সে বাবা-মায়ের ওপর আক্রমণ করে। কী কারণে ও এমন করল তা আমার বুঝতে পারছি না।’

মাগুরা: শ্রীপুরের সবদালপুর গ্রামের একটি সেতুর পাশ থেকে গতকাল সকালে বাবলু ফকির (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখরা গ্রামের হাসমত ফকিরের ছেলে। বছর খানেক আগে বাবলু ফকিরের মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আট থেকে ১০ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সবদালপুরে একটি সেতুর পাশে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ফরিদপুর: তিন বছর আগে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা গ্রামের শফিকুল শেখের মেয়ে সুফিয়া বেগমের (২৩) সঙ্গে একই গ্রামের কাওসার শেখের ছেলে দিনমজুর সুজাত শেখের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুজাত যৌতুকের দাবিতে সুফিয়াকে নির্যাতন করতেন।

শুক্রবার সন্ধ্যায় সুজাত সুফিয়াকে মারধর শুরু করলে সুফিয়া শ্বশুরের পায়ে ধরে তাঁকে রক্ষার অনুরোধ জানান। কিন্তু শ্বশুরও সুফিয়াকে কিল-ঘুষি ও লাথি মারেন। স্বামী সুফিয়াকে বুকে, গলায় ও মাথায় উপর্যুপরি লাথি মারতে থাকেন। একপর্যায়ে সুফিয়া অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা সুফিয়াকে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে সাতৈর বাজারের কাছে তিনি মারা যান।

বোয়ারমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, নিহতের বাবা শফিকুল শেখ সুফিয়ার স্বামী ও শ্বশুরসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাতক্ষীরা: সদর উপজেলার আগরদাঁড়ি এলাকার একটি ডোবা থেকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আবদুস সামাদ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোদাঘাটা এলাকার ছফেত আলী দালালের ছেলে। নিহতের মেয়ে তামান্না রহমান জানান, আবদুস সামাদ গত তিন দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সকালে আগরদাঁড়ি গ্রামের তহিদুর রহমানের বাগানের মধ্যে একটি ডোবায় সামাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।