যশোরে বার্ষিকের প্রশ্নপত্র ফাঁস, ৪৬টি বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।গত বৃহস্পতিবার ষষ্ঠ ও নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এবং সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল আলম পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। এ কারণে আজও (শনিবার) ষষ্ঠ শ্রেণীর গণিত, সপ্তম শ্রেণীর ধর্ম ও নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নীতিমালায় বলা হয়েছে, স্কুলের নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা নিতে হবে। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না। মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা প্রশ্নপত্র প্রণয়ন করে প্রকাশনা প্রতিষ্ঠান হাসান বুক ডিপোর যশোরের বলাকা প্রেস (ছাপাখানা) থেকে ছাপিয়ে তা বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করেন। একই প্রশ্নপত্রে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাঘারপাড়ার ইউএনও মনিরুল আলম জানান, বৃহস্পতিবার পরীক্ষার আগে বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের একটি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রের কাছে প্রশ্নপত্র পাওয়া যায়। তারা জানায়, ইন্দ্রা বিদ্যালয়ের তাদের এক বন্ধু পাঁচ শ টাকা নিয়ে ওই প্রশ্নপত্র দিয়েছে। বিষয়টি প্রমাণের জন্য তাদের একজনের কাছে আবার পাঁচ শ টাকা দিয়ে প্রশ্নপত্র আনানো হয়। পরে ইন্দ্রা বিদ্যালয়ের ওই ছাত্রের কাছে জিজ্ঞাসা করলে সে জানায়, কৃষ্ণনগরের এক ছেলের কাছ থেকে সে ওই প্রশ্নপত্র পেয়েছে। কৃষ্ণনগরের ওই ছেলের কাছ থেকে জানা যায়, প্রেসের এক কর্মচারী তাঁকে প্রশ্নপত্র দিয়েছেন। বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হতে পারে। এ জন্য ওই প্রেসে ছাপানো প্রশ্নে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। নতুন করে প্রশ্নপত্র প্রণয়ন করে পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হবে। খরচ কমানোর জন্য সমিতির দায়িত্বে প্রশ্নপত্র ছাপানো হয়।হাসান বুক ডিপোর ব্যবস্থাপক জসীম উদ্দীন বলেন, প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। পরীক্ষার সাত দিন আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। সেখান থেকেও তা ফাঁস হতে পারে।