যশোরে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত
যশোর-মাগুরা মহাসড়কে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া আমতলা এলাকায় বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন (২২) ও শান্তা খাতুন (২০)। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ যশোর শহরের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান মুসলিম এইডের ছাত্র। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে। আর শান্তা খাতুন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মশিহাটি গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরাজ ও শান্তা মোটরসাইকেলে করে যশোর শহর থেকে খাজুরার দিকে যাওয়ার পথে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।