যশোরে বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী আটক
যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রাম থেকে আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বসতবাড়ির শোবার ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাঁর স্ত্রী ছমিরনকে (৪০) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে আমিরুল ও ছমিরন ঘুমিয়ে পড়েন। আজ ভোরে হঠাত্ ছমিরন তাঁর স্বামী মারা গেছে বলে চিত্কার করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা গিয়ে আমিরুলের মুখে রক্ত ও সাদা পাউডার জাতীয় দ্রব্য দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, আমিরুলকে হত্যা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্ত্রীকে আটক করা হয়েছে।
সহিদুল ইসলাম আরও জানান, আটক ছমিরনের সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
তবে আটক ছমিরন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তাঁর স্বামী অসুস্থ ছিলেন। রাতে হঠাত্ তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর মুখ দিয়ে রক্ত বের হওয়ার পর তিনি মারা যান।