যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম (৪৮) গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার সাজিয়ালি গ্রামে। পুলিশ জানিয়েছে, আনোয়ারুল সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে আনোয়ারুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। যশোরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, নিহত ব্যক্তির ভাই আমিরুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, মাস তিনেক আগে তাঁদের গ্রামের একজন খুন হন। ওই ঘটনায় গ্রামের তিনজনের বিরুদ্ধে মামলা হয়। আনোয়ারুল মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন। ওই তিন আসামিই তাঁকে কুপিয়ে হত্যা করেছে।ওসি আবদুল কাদের বেগ আরও জানান, আনোয়ারুলের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি চিহ্নিত সন্ত্রাসী। প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে গতকাল শুক্রবার সকালে নিহত ব্যক্তির লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।