যশোরে বিএনপি নেতার বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার ইছালী গ্রাম থেকে গতকাল রোববার ইউনিয়ন বিএনপির নেতা কহিনুর মিয়ার (৪২) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।কোতোয়ালি থানার পুলিশ জানায়, উপজেলার ইছালী গ্রামের লোকজন গতকাল বিকেলে গ্রামেরই একটি পুকুরে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। উপজেলার ইছালী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন কহিনুর।পারিবারিক সূত্র জানায়, ১৯ আগস্ট রাতে ইছালী গ্রামের জালাল ফোন করে কহিনুরকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। এর পর থেকে দুজনকেই আর পাওয়া যায়নি। এ ব্যাপারে কহিনুর মিয়ার ভাই নাসির উদ্দীন গত শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, কহিনুর একটি চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডার। অস্ত্র ও খুনের মামলায় ১২ বছর সাজা ভোগ করার পর তিনি বিদেশে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি আবার চরমপন্থীদের সক্রিয় করার চেষ্টা করেন। এ কারণে তিনি প্রতিপক্ষের রোষানলে পড়ে থাকতে পারেন। জামাল ছিলেন তাঁর সহযোগী। প্রতিপক্ষের লোকজন জালালের মাধ্যমে কহিনুরকে অপহরণ করে হত্যা করে থাকতে পারে।স্থানীয় ব্যক্তিরা জানান, কহিনুরের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা জালালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।