যশোরে বিএনপি প্রার্থীর জনসংযোগে হামলা

জনসংযোগের সময় গতকাল বৃহস্পতিবার যশোর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম ও তাঁর সমর্থকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হয়েছেন। গুরুতর আহত জেলা বিএনপির এক নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি গতকাল দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজনকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করে। পরে আওয়ামী লীগও পাল্টা সংবাদ সম্মেলন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মারুফুল ইসলাম তাঁর লোকজন নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বিএনপি ও যুবদলের চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাড়ি থেকে মারুফুল ও তাঁর লোকজনকে উদ্ধার করে নিরাপদে স্থানে নিয়ে আসে। পরে বিএনপির লোকজন গুরুতর আহত জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল আমিনকে (৬০) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় গতকাল বেলা একটার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিএনপির প্রার্থী মারুফুল বলেন, ‘আমরা সকালে শহরের মিশনপাড়া এলাকায় জনসংযোগে যাই। নয়টার দিকে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন। ভয়ে আমরা দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিই। সেখানেও তাঁরা হামলা চালান। তাঁরা পিটিয়ে রুহুল আমিনের পা ভেঙে দেন। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছোট মনির পিঠে ছুরিকাঘাত, যুবদলের কর্মী আবদুর জব্বার ও ওয়াসি আহমেদের পায়ে আঘাত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে।’ এ সময় তিনি নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য নির্বাচনের দিন আবারও সেনা মোতায়েনের দাবি জানান।
পরে বেলা আড়াইটার দিকে প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, বিএনপির প্রার্থীর ওপর হামলার কোনো ঘটনা তাঁদের জানা নেই। আর যদি হামলার ঘটনা ঘটেও থাকে, তাতে আওয়ামী লীগের কারও জড়িত থাকার সুযোগ নেই। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনমুখী রাজনৈতিক সংগঠন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে চান।
যশোর কোতোয়ালি থানার ওসি সিকদার আক্কাছ আলী গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।