যশোরে বিএনপির গাড়িবহরে হামলা
যশোরের শার্শা উপজেলায় গত সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকেরা হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির অভিযোগ করেন, শতাধিক নেতা-কর্মীর ওই গাড়িবহরটি বেলা দুইটার দিকে বাগআঁচড়ার সাতমাইল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের ১৫-২০ জনের একদল সমর্থক লাঠিসোঁটা নিয়ে গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক মোল্লাসহ পাঁচ-ছয়জন আহত হন। এ সময় সাত-আটটি গাড়ি ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান হামলার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনার পেছনে বিএনপির অপর একটি পক্ষের ইন্ধন থাকতে পারে।’