যশোরে বিএনপির নেতাকে পিটিয়ে হত্যা
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামের শান্তির মোড়ে এ ঘটনা ঘটে। মাসুদুর রহমান সদর উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল ১০টার দিকে মাসুদুর রহমান ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে যশোর শহরে আসার পথে শান্তির মোড়ে পৌঁছালে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। দুর্বৃত্তরা জোর করে তাঁকে মোটরসাইকেল থেকে নামায়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মাসুদুরকে বেধড়ক পেটায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, নিহত মাসুদুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। এ জন্য আওয়ামী লীগের সমর্থকদের অনেকে তাঁকে হুমকি দিতেন।