যশোরে বিএনপির ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বিএনপির অন্তত ৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় যশোর পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকীসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০ / ১২ জনকে আসামি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবসের নামে শহরে কালো পতাকা মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ কারণে নাশকতার মামলা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, ‘৫ জানুয়ারি কর্মসূচি পালনের জন্য পুলিশ বিএনপির নেতা-কর্মীদের এক জায়গায় হতেই দেয়নি। ফলে কর্মসূচি পণ্ড হয়ে যায়। তখন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছে নেতা-কর্মীরা। পুলিশ এখন বোমা বিস্ফোরণের নাটক সাজিয়েছে।’ সাবেরুল হক আরও বলেন, ‘শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম অনেক দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তিনি কর্মসূচির সময় যশোরেই ছিলেন না। অথচ তাঁকে মামলার প্রধান আসামি করা হয়েছে। আমরা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’