যশোরে বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাবেদ ইমামের বিরুদ্ধে বিশেষ সুবিধা নিয়ে জামিন দেওয়া ও আসামিপক্ষের কাছে মামলার আলামত বেআইনিভাবে হস্তান্তর এবং মাদক ধ্বংসের নামে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।যশোর জেলা আইনজীবী সমিতির ১৪৬ জন সদস্যের সই করা এ-সংক্রান্ত লিখিত অভিযোগ গতকাল রোববার দুপুরে সমিতির সভাপতির কাছে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগের অনুলিপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী, সচিব এবং জেলা দায়রা জজের কাছেও পাঠানো হয়েছে।অভিযোগ অস্বীকার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাবেদ ইমাম বলেন, ‘বিশেষ সুবিধা কার কাছ থেকে নিয়েছি, অভিযোগের নথিতে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। এতে প্রমাণিত হয় বিষয়টি অসত্য ও বানোয়াট।’ আইনজীবীদের লিখিত অভিযোগে বলা হয়েছে, জাবেদ ইমাম যোগাযোগের মাধ্যমে আসামির জামিন দেন, রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন; বিধিবহির্ভূতভাবে মামলার আলামত আসামির জিম্মায় হস্তান্তর করেন। ১১টি মামলায় বেআইনিভাবে আসামিদের জামিন দেওয়া হয়েছে। মাদক মামলার আলামত ধ্বংসের নামে বিক্রির অভিযোগের ব্যাপারে জাবেদ ইমাম বলেন, ‘পুলিশের খুলনা বিভাগের উপ-মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারিক হাকিম ও সাংবাদিকদের সামনে আলামত ধ্বংস করা হয়েছে। এসব আলামত ধ্বংস ছাড়া বাইরে বিক্রির সুযোগ থাকে না।’ বেআইনিভাবে ১১টি মামলায় আসামিদের জামিন দেওয়ার অভিযোগের ব্যাপারে জাবেদ ইমাম বলেন, ‘বিধি উল্লেখ করে প্রতিটি মামলার রায় দেওয়া হয়েছে। অনেক সময় আইনজীবীদের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলার আসামিদের জামিন দেওয়া হয়নি। এ কারণে অনেকে আমার ওপর ক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন।’