
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যশোর শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা নামিয়ে ফেলা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে টাঙানো ভিন্ন দেশের পতাকা নামাতে জেলা প্রশাসনের নির্দেশ জারির পর আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় টাঙানো প্রায় সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে। তবে সন্ধ্যার পরও শহরের কয়েকটি বাড়ি ও ভবনে বিদেশে পতাকা উড়তে দেখা গেছে।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার সন্ধ্যায় শহরে টাঙানো পতাকা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়। আজ সন্ধ্যা ছয়টার দিকে এ সময়সীমা শেষ হয়েছে। উপজেলা পর্যায়ে পতাকা নামাতে কাল বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের প্রচারমাইকে যশোর শহরে এবং আজ সারা দিন জেলার আট উপজেলার বিভিন্ন এলাকার মাইকে প্রচার চালানো হয়েছে। প্রচারের পর থেকে যশোর শহর ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অনেককে বিদেশি পতাকা নামাতে দেখা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২-এর বিধি ৯(৪) অনুযায়ী দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না।’
এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ উন্মাদনায় যশোরে যতগুলো বিদেশি পতাকা তোলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এর চার ভাগের এক ভাগও পতাকা দেখি না। মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনার অভাব রয়েছে। ওই চেতনায় নাড়া দেওয়ার জন্যই বিদেশি পতাকা নামানোর জন্য মানুষকে অনুরোধ জানানো হয়েছে।’