যশোরে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার দানবীর হাজী মুহম্মদ মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ শতাংশ জমি বেদখল হয়ে গেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি দখল করে সেখানে কয়েকটি টিনের ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৫ মে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুড়লী এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ের প্রয়োজনে ১৯৭৯ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসক মহীউদ্দীন খান আলমগীর ২ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। সেই থেকে ওই জমি বিদ্যালয়ের দখলে রয়েছে। চলতি বছরের ১১ ও ১৩ মে স্থানীয় আবুল খায়ের গং অধিগ্রহণকৃত এসএ ৩৯ নম্বর খতিয়ানের ১৪৬ নম্বর দাগের ৭৮ শতাংশ জমি দখল করে চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে প্রশাসন দখলদারদের ওই কাঁটাতারের বেড়া অপসারণের নির্দেশ দেয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের ওই নির্দেশ না মেনে অবৈধ দখলদারেরা বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটি ও তাঁদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। ওই দখলদারদের অপসারণ করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটতে পারে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২ জুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক এবং জেলা শিক্ষা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ইউএনও রেজাউল করিম বলেন, ৩০ জুনের পর কমিটি সরেজমিন তদন্তে যাবে। কয়েক দিন আগে সেখানে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ঢোকার মুখে পূর্ব দিকে মহাসড়কের পাশের জমি দখল করে সেখানে দুটি ঘর নির্মাণ করা হয়েছে। ওই জমির চারপাশে সিমেন্টের পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। দখলদার আবুল খায়ের ও আবদুল মালেক বেঞ্চ পেতে সেখানে বসে আছেন। আবুল খায়ের দাবি করেন, ‘এ জমি আমার মায়ের। ৩৭ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষকেরা দখল করে রেখেছিলেন। এবার আমরা দখলে নিলাম। মালিকানা দাবি করে আদালতে মামলা করেছি। মামলা বিচারাধীন রয়েছে।’আবুল খায়েরের মামলার আমমোক্তারের দায়িত্ব পালন করছেন স্থানীয় ঠিকাদার গোলাম কবির। তিনি বলেন, ‘বায়না সূত্রে জমির প্রকৃত মালিক হচ্ছেন আবুল খায়েরের মা লতিফুন নেছা। অথচ জমি অধিগ্রহণ করা হয়েছে সুফিয়া খাতুনের কাছ থেকে। অধিগ্রহণের গেজেটটি এখনো প্রকাশ করা হয়নি। এ জন্য জমির মালিকানা দাবি করা হচ্ছে।’ প্রধান শিক্ষক নাজমুল হাসান বলেন, বিদ্যালয়ের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ তিন লাখ ৯৫ হাজার ৮৪ টাকা দিয়ে ১৯৭৯ সালে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে ২ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের নামে ওই জমির দলিল করে দেওয়া হয়। পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে। আদালতে মামলাও চলছে। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে চলে গেছে। তার পরও কাউকে ভয়ভীতি বা হুমকি-ধমকি দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’