যশোরে বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
‘সন্ধ্যার সঙ্গে সঙ্গে কারেন্ট (বিদ্যৎ) চলে যায়। আর আসে রাত ১০-১১টার পর। তখন আর পড়া হয় না। কারেন্টের আলোয় পড়ে পড়ে এখন আর ল্যাম্পের (কুপি) আলোয় পড়তে ইচ্ছে করে না।’ এসএসসি পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া একজন এসএসসি পরীক্ষার্থিনী এ কথা বলে।তার সঙ্গে সুর মিলিয়ে অন্য শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করে জানায়, পড়ার সময় বিদ্যুৎ না থাকায় তাদের লেখাপড়ার খুবই ক্ষতি হচ্ছে। তাই তারা কমপক্ষে এসএসসি পরীক্ষার সময় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহের দাবি জানায়।মথুরাপুর যুবকল্যাণ সংঘ আয়োজিত এ কর্মসূচিতে খাজুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তেলিধান্যপোড়া পান্থাপাড়া মথুরাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, খাজুরা সিনিয়র মাদ্রাসা, চণ্ডীপুর মহিলা মাদ্রাসা, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় ও চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।খাজুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, হালকা গরমের ভাব আসতে না-আসতেই লোডশেডিং শুরু হয়েছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়, আর আসে সেই রাত ১০টায়। তাও আবার ক্ষণিকের জন্য। এতে শিক্ষার্থীদের পড়ার ভীষণ ক্ষতি হচ্ছে, বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষার্থী।বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) উপবিভাগীয় প্রকৌশলী শহীদুল আলম বলেন, যশোর ও নড়াইল জোনে ৮৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মাত্র ৫০ মেগাওয়াট পাওয়া যায়। যে কারণে দিনে-রাতে চার ঘণ্টার মতো লোডশেডিং থাকে। ব্যস্ত সময় সন্ধ্যায় চাহিদা আরও বাড়ে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে।