যশোরে বিধ্বস্ত বিমানের 'ফ্লাইট ডাটা রেকর্ডার' উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ‘ফ্লাইট ডাটা রেকর্ডার’ (এফডিআর) উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের পঞ্চম দিন আজ শুক্রবার দুপুরে ডুবুরি দল এটি উদ্ধার করে।

১ জুলাই রাতে যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয় । এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হন। ওই রাত থেকে নৌ, বিমান, সেনা ও ফায়ার সার্ভিস ও স্থানীয় মাঝিরা যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বলেন, ‘বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য পাঁচ দিন ধরে স্থানীয় মাঝিদের সহযোগিতায় বিমান, নৌ, সেনা ও ফায়ার সার্ভিসে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে ‘হাইড্রো চার্জ ওয়াটার জেট’ পদ্ধতিতে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ পদ্ধতিতে পানির নিচে পানির গতি দিয়ে মাটি কেটে বড় বড় দুটি গর্ত করা হয়। আশপাশের ছোটখাটো যন্ত্রাংশ ওই গর্তের মধ্যে গিয়ে জমা হয়। শুক্রবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের একজন ডুবুরি বিমানের ‘‘এফডিআর’’ যন্ত্রটি ওই গর্তের মধ্যে খুঁজে পান।’

পরিমল চন্দ্র কুণ্ডু আরও বলেন, বিধ্বস্ত বিমানের ৯০-৯৫ শতাংশ উদ্ধার হয়েছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযান আর কত দিন চলবে, সেটি নির্ভর করবে আন্তবাহিনীর সিদ্ধান্তের ওপর।