যশোরে বিনোদনকেন্দ্র পরিচ্ছন্ন রাখতে বন্ধুসভার প্রচারাভিযান
যশোর শহরের বিনোদনকেন্দ্র কালেক্টরেট পার্ক ধূমপানমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে প্রচারাভিযান শুরু করেছে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
‘পথ হারাবে না বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে যশোর বন্ধুসভা এ কার্যক্রম শুরু করে। এ সময় ‘ধূমপানমুক্ত থাকুন’ ও ‘পরিচ্ছন্ন রাখা সততারই অংশ’ শিরোনামে কালেক্টরেট পার্কে সচেতনতামূলক চারটি স্থায়ী প্রচার বোর্ড স্থাপন করেন বন্ধুসভার সদস্যরা।
অভিযানের উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম। প্রচারে অংশ নেন যশোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট (হাকিম) নাজমুল আলম ও যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। পরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সত্যেন সেন মঞ্চে পাঠক-সুধী সমাবেশ করা হয়।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ তারাপদ দাস, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ জি এম ইকবাল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা শুভঙ্কর গুপ্ত ও সভাপতি অলিপ বিশ্বাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার বন্ধু অরনিকা হক।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ পর্বে কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক ফখরে আলম ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন যশোরে’র জাহিদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন উদীচীর শাহজাহান আলমগীর ও সোলাইমান আহমেদ, সুরধনী সংগীত নিকেতনের মৌমিতা বড়াল, পুনশ্চ যশোরের প্রত্যাশা হালদার ও বন্ধুসভার বন্ধু বেনজির আহমেদ।