যশোরে বিভাগীয় নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় নাট্যোৎসব শুরু হয়েছে। এতে খুলনা বিভাগের ১৪টি নাটকের দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এই উৎসব হচ্ছে। যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার গতকাল বিকেলে উৎসবের উদ্বোধন করেন। বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।
উৎসবের প্রথম দিন গতকাল তিনটি নাটকের দল তিনটি নাটক মঞ্চস্থ করে। এগুলো হলো পাইচো চোরের কেচ্ছা, গো গবু বউ ও সত্যি ভূতের গপ্পো। আজ শনিবার ছয়টি ও কাল রোববার পাঁচটি নাটক মঞ্চস্থ হবে।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার শুরু হয়। এতে প্রশিক্ষণ দিচ্ছেন নাট্যনির্দেশক দেবাশীষ ভট্টাচার্য।