যশোরে বৃষ্টিভেজা শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা আধা বেলার হরতাল পালিত হয়েছে। বিএনপির নেতা-কর্মীদেরও পিকেটিং করতে দেখা যায়নি।এদিকে যশোর শহরে কোনো উত্তেজনা না থাকলেও বাঘারপাড়া উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় দল একই স্থানে সমাবেশ আহ্বান করলে উপজেলা পরিষদসংলগ্ন এলাকার অন্তত এক বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গতকাল দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।গত বৃহস্পতিবার সারা দেশে বিএনপির হরতাল চলার সময় যশোর শহরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী যশোর পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলামকে মারপিট করেন। এর প্রতিবাদে ওই দিন সংবাদ সম্মেলন করে যশোর শহরে আধা বেলা হরতাল ডাকে জেলা বিএনপি।গতকাল ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এমনিতেই লোকজন ঘর থেকে বের হতে পারেনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান (স্নাতক) চতুর্থ বর্ষের পরীক্ষা থাকায় সকাল আটটা থেকে সড়কে শিক্ষার্থীদের ভিড় ছিল। শহরে রিকশা-ভ্যান, ইজি বাইকসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহন সকালে যশোরের ওপর দিয়ে খুলনা, বেনাপোলসহ বিভিন্ন অঞ্চলে গেছে। রাস্তায় বিএনপির কোনো নেতা-কর্মীকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘যশোর শহরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। বিভিন্ন এলাকায় কর্মীরা পিকেটিং করেছেন। তবে বৃষ্টি আমাদের হরতালকে সহজ করে দিয়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রিকশা-ভ্যান চলাচলে বাধা দেওয়া হয়নি।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, বিএনপি হরতাল ডাকায় শহরে নিরাপত্তা জোরদার ছিল। যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। কোথাও হরতালের কোনো ছাপ পড়েনি।বাঘারপাড়ায় ১৪৪ ধারা: বাঘারপাড়া উপজেলা পরিষদের ১০০ গজ দূরত্বে আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়। গতকাল বেলা তিনটার দিকে উভয় পক্ষ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুই পক্ষই সমাবেশ ডাকায় সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে সংঘাত এড়াতে তিনি ১৪৪ ধারা জারি করেন।এ ব্যাপারে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবার মেয়র মারুফকে মারধর এবং শুক্রবার বিএনপির কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আমরা সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আওয়ামী লীগ আমাদের কর্মসূচি বানচাল করতে পাল্টা সমাবেশ ডাকে।’সমাবেশ ডাকার বিষয়টি অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, ‘গতকাল আমাদের কোনো কর্মসূচি ছিল না। উপজেলা প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে, জানি না। এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি।’