যশোরে বেগুনখেতে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার হৈবতপুরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় এক হাজার কৃষকের খেতের বেগুনগাছ মরে যাচ্ছে। এক ধরনের মাজরা পোকার আক্রমণে গাছগুলো মরে গেছে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এতে কৃষকের যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। ঋণ নিয়ে বেগুন চাষে টাকা ব্যয় করে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
গত সোমবার হৈবতপুর ইউনিয়নের ছোট হৈবতপুর গ্রামের কয়েকটি সবজিখেতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বেগুনখেতের গাছে পাতা নেই, বেগুনও নেই। গাছ শুকিয়ে মরে যাচ্ছে। বেগুনখেতে কর্মরত কৃষক আয়ুব আলী বলেন, ‘৩৩ শতক জমিতে এবার বেগুনের আবাদ কিরিচি। তিন হাটের দিনে খেত থেকে বেগুন তুলে বেচিছি। হঠাৎ একদিন বিকেলে মাঠে গিয়ে দেখি, বেগুনগাছের পাতা ন্যাতাইয়ে পড়তেছে। এর মধ্যে সাত শতক জমির বেগুন একেবারে মরে গেছে। ওই খেত ভেঙে সরিষা বুনে দিছি। বাকি ২৬ শতকের ভেতরে কুমড়ার বীজ লাগায় দিছি।’ ৩৩ শতক জমিতে বেগুনের আবাদে আয়ুব আলীর খরচ হয়েছে ৩২ হাজার টাকা। এর মধ্যে জমির বার্ষিক ইজারামূল্যসহ আবাদে খরচ হয়েছে অন্তত ২০ হাজার টাকা।
আয়ুব আলী আরও জানান, এ পর্যন্ত তিনি ১২-১৩ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। গাছ মরে না গেলে এ মৌসুমে তিনি অন্তত এক লাখ টাকার বেগুন বিক্রি করতে পারতেন। সমিতি থেকে ১৮ হাজার টাকা ঋণ নিয়ে আবাদ করেছেন। এখন কিস্তির টাকা দিতে তিনি হিমশিম খাচ্ছেন।
ইউনিয়নের সাধারণ সুবিধাভোগী কৃষক দলের (সিআইজি) সভাপতি আবদুল হামিদ বলেন, ইউনিয়নের ২৭টি গ্রামের মধ্যে অন্তত ১০টি গ্রামের ৯০ শতাংশ কৃষক এবার বেগুন চাষ করেছেন। এর মধ্যে ৮০ শতাংশের খেতে মড়ক লেগে গাছ মরে গেছে। কৃষকেরা বলেন, কী কারণে গাছ মরে যাচ্ছে, তা তাঁরা জানতে পারেননি।
কৃষি সম্প্রসারণ বিভাগ যশোরের উপপরিচালক শেখ হেমায়েত হোসেন বলেন, বেগুনের ফল ও ডগায় মাজরা পোকার আক্রমণে অনেক খেতের বেগুনগাছ মরে গেছে। এ পোকা সাধারণত ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। জমিতে ফেরেমন ট্র্যাপ (জাদুর ফাঁদ) দিয়ে তা প্রতিরোধ করা যায়। এই ফাঁদের দাম একটু বেশি বলে কৃষকেরা এটি ব্যবহারে ততটা উৎসাহী নন। সময়মতো পরিচর্যা করলে ও সার দিলে এ আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পোকার আক্রমণ হলে খেতের পরিচর্যা বাড়াতে হয়। কিন্তু কৃষকেরা যখন দেখেন গাছ মরে যাচ্ছে, তখন তাঁরা পরিচর্যা কমিয়ে দেন। ফলে পোকা দমন করা আর সম্ভব হয় না।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর এক হাজার ২৯০ হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। প্রায় ১২ হেক্টর জমির বেগুনখেতে পোকার আক্রমণ হয়েছে। যার মধ্যে সাত হেক্টর খেতের পোকা দমন করা সম্ভব হয়নি।